জিপি’র সংবাদ বিজ্ঞপ্তির ভাষায় আপত্তি বিটিআরসি’র

২১ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৩৪  
গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তির ভাষা নিয়ে আপত্তি জানিয়েছে বিটিআরসি। আদালতের আদেশে আগামী রোববার বিটিআরসি’র পাওনার হাজার কোটি টাকা জমা দেয়ার সম্মতিতে অপারেটরটিকে ‘ধন্যবাদ’ জানিয়ে এই আপত্তি তুলেছেন সংস্থাটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. জাকির হোসেন খান । তিনি বলেন, ধন্যবাদ, গ্রামীণফোনকে অবশেষে রাষ্ট্রের বিধি অনুযায়ী এদেশে ব্যবসা পরিচালনায় সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়ায়। কিন্তু তারা রেগুলেটর এর সাথে বার বার কি যেনো একটি প্রতিযোগিতায় আসতে চাচ্ছে , আজকে গনমাধ্যমে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির ইংরেজি অনলাইনের ভাষাটা আমাদের নজরে এসেছে এবং আমলে নিয়েছি। তিনি আরো বলেন, টেলিকম সেবা প্রদানকারী সকল লাইসেন্সি আমাদের নিকট সমান, তাই কাজে এবং যোগাযোগে আপনাদের পেশাদারিত্ব আশা করছি। ভবিষ্যতে রেগুলেটর এর নিকট থেকে যেকোনো সহযোগিতা আপনারা পাবেন বলে আশ্বস্ত করছি। প্রসঙ্গত, ইংরেজি ভাষায় পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করছেন তারা।”